হরমুজ প্রণালির কাছে চীনা তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (০৮ মে) নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, হামলার শিকার তেলবাহী ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং এতে চীনা নাবিকরা রয়েছেন। তবে এ পর্যন্ত জাহাজটির কোনো নাবিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার হরমুজ প্রণালির কাছে চীনের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।
শুক্রবারের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে চীনের কাছে তথ্য জানতে চান এবং অঞ্চলে চীনা জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং কী পদক্ষেপ নেবে, সে প্রশ্ন তোলেন।
জবাবে লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ পথ। চলমান সংঘাতের কারণে বিপুল সংখ্যক জাহাজ ও নাবিক ক্ষতিগ্রস্ত হওয়া এবং সেখানে আটকা পড়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
তিনি বলেন, প্রণালিতে দ্রুত স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার এবং বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের বিষয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে চীন। একই সঙ্গে যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং প্রণালিতে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে বেইজিং।
সূত্র : আল জাজিরা ও গ্লোবাল টাইমস