Image description

অনেক নাটকীয়তা আর বছরের পর বছর অপেক্ষার পর কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর অনেকেই ভেবে রেখেছিলেন, ফরাসি ফরোয়ার্ডের আগমনে বুঝি সান্তিয়াগো বার্নাব্যুর আকাশে নতুন এক নক্ষত্রের উদয় হলো। 

তবে ২ বছর না যেতেই ফুটবলের অনিশ্চয়তা এমবাপ্পেকে এমন এক জায়গায় দাঁড় করাবে, তা হয়তো কেউ ভাবেননি। রিয়াল থেকে এমবাপ্পেকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পিটিশন করল ক্লাবের সমর্থকেরা।

এই অনলাইন পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা এরই মধ্যে ১০ লাখ ছাড়িয়েছে।

 

চোটের কারণে এমবাপ্পে কদিন ধরে খেলতে পারছেন না। কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ডে তিনি এখন আলোচনার কেন্দ্রে। 

এল ক্লাসিকোর মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থরা যখন ঘাম ঝরাচ্ছেন, তখন প্রেমিকাকে নিয়ে এমবাপ্পের প্রমোদতরীতে বিলাসী ছুটি কাটানোর ছবি রিয়াল সমর্থকদের ক্ষোভ উগরে দিয়েছে।

 

 

এমবাপ্পেকে নিয়ে সংবাদমাধ্যমগুলোর একের পর এক প্রতিবেদন সমর্থকদের ক্ষোভের মাত্রা আরো বাড়িয়েছে। ২৭ বছর বয়সী এই তারকা নাকি অনুশীলন সেশনে কোচ আলভারো আরবেলোয়ার স্টাফদের একজনের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। 

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, একটি প্রস্তুতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা সেই সহকারীর প্রতি রাগান্বিত হয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন এমবাপ্পে।

মাঠে অবশ্য নিয়মিতই গোলের দেখা পাচ্ছেন এমবাপ্পে।

তবে ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে পারেনি। এ কারণেও সমর্থকেরা তার ওপর ক্ষুব্ধ। রিয়ালের ১০ লাখেরও বেশি ভক্ত এমবাপ্পের ক্লাব ছাড়ার দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

 

অনলাইনে ‘এমবাপ্পে আউট’ দাবিতে একটি পিটিশন চালু করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘মাদ্রিদিস্তাস, আপনাদের আওয়াজ তুলুন। যদি মনে করেন পরিবর্তন দরকার, তাহলে চুপ থাকবেন না।

এই পিটিশনে স্বাক্ষর করুন এবং ক্লাবের ভবিষ্যতের জন্য যা সেরা, তার পক্ষে দাঁড়ান।’