গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন নাসুম আহমেদ, তার পারফরম্যান্সে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছিল দলটি। তবে এত অবদান রাখার পরও তিনি দাবি করেছেন, এখনও ৩৫ লাখ টাকা পাননি। যদিও এ অভিযোগ অস্বীকার করে সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জানায়, নাসুমকে সব পাওনা পরিশোধ করা হয়েছে।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেছেন নাসুম। সেখানে তিনি জানান, ইতোমধ্যে ৩৫ লাখ টাকা পেয়েছেন। তবে তার দাবি, আরও ৩৫ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে। প্রমাণ হিসেবে তিনি হোয়াটসঅ্যাপে পাওয়া একটি চুক্তিপত্রও প্রকাশ করেছেন, যেখানে ৭০ লাখ টাকায় তার সঙ্গে চুক্তির উল্লেখ রয়েছে।
নাসুম লিখেন, 'হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।'
সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে সামনে এনে নাসুম লিখেন, 'ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন-সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।'
এই স্পিনার যোগ করেন, 'ভাই, আমার টাকাগুলো যেন পাই-এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।'