সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হতো বাংলাদেশের মেয়েদের। সিলেটে সেটা করে দেখাতে পারেননি নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানের পরাজয় দেখেছে বাংলাদেশ।
তাতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কার মেয়েরা।
১৫৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন দুই ওপেনার দিলারা আক্তার (২৩) ও জুরাইরিয়া ফেরদৌস (২৯)। ২১ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর লড়াইটা একাই করে গেলেন শারমিন।
কাজের কাজ অবশ্য হয়নি। ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন শারমিন। তাতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রতিপক্ষের হয়ে ২ উইকেট নেন কাভিশা দিলহারি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলঙ্কার। একজন ব্যাটার বাদে শ্রীলঙ্কার প্রত্যেকে দুই অংকের ঘর স্পর্শ করেছেন। তবে কেউই ফিফটির দেখা পাননি। অধিনায়ক চামিরা আতাপাত্তুর ৪২ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৯ রান এসেছে হার্শিতা সামারাবিক্রমার ব্যাট থেকে।
সিরিজের শেষ টি-টোয়েন্টি ২ মে, সিলেটেই।