বিদেশে দল পাঠাতে গেলে অনেক সময় কোচ ছাড়া কর্মকর্তারা নিজেরাই সফরে চলে যান। যার কারণে অ্যাথলেটদের পারফরম্যান্সে হেরফের হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ।
আজ শনিবার চার দশকের অভিজ্ঞ সংগঠক বলেছেন, ‘মাসের পর মাস কোচরা অক্লান্ত পরিশ্রম করে অ্যাথলেট তৈরি করেন। একজন অ্যাথলেটের ফিটনেস, টেকনিক, মানসিক প্রস্তুতি—সবকিছুর পেছনে থাকে কোচের নিবিড় শ্রম ও পরিকল্পনা। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় সেই কোচদের বাদ দিয়ে ফেডারেশনের কিছু কর্মকর্তা নিজেরাই কোচ বা ম্যানেজার পরিচয়ে দলের সাথে বিদেশ সফরে যান।’
এমনটা অনৈতিক উল্লেখ করে তিনি বলেছেন,‘এই প্রবণতা শুধু অনৈতিকই নয়, এটি সরাসরি অ্যাথলেটদের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একজন অ্যাথলেট যখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়, তখন তার পাশে থাকা উচিত তার প্রস্তুতকারী কোচ—কোনো প্রশাসনিক কর্মকর্তা নয়।’
প্রশ্ন রেখে মহিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রশ্নটা খুব স্পষ্ট—এই অস্বাস্থ্যকর সংস্কৃতি আর কতদিন চলবে?যেখানে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বই মূল চাবিকাঠি, সেখানে আমরা এখনও ব্যক্তিস্বার্থ ও সুযোগসন্ধানী মনোভাব থেকে বের হতে পারিনি—এটা অত্যন্ত দুঃখজনক। এর ফলে শুধু কোচরা বঞ্চিত হন না, দেশের ক্রীড়াও পিছিয়ে পড়ে।’
এই অবস্থা থেকে পরিত্রাণ চান মহিউদ্দিন, ‘এখনই সময় স্পষ্ট অবস্থান নেওয়ার। যোগ্য কোচদের তাদের প্রাপ্য দায়িত্ব দিতে হবে এবং প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজেদের সীমার মধ্যে থাকতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত না করলে আন্তর্জাতিক অঙ্গনে কাঙ্ক্ষিত সাফল্য কখনোই অর্জন করা সম্ভব নয়।’
পরিবর্তন চেয়ে তার কথা,‘আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন এখনই প্রয়োজন। আমার এই কথা কারও বিরুদ্ধে নয়, কাউকে আঘাত বা কষ্ট দেওয়ার জন্যও নয়- এটি একটি গতানুগতিক ভুল সিস্টেমের বিরুদ্ধে।’