Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক শিবির ও ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা এবং প্রশাসন কর্তৃক অহেতুক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় অভিযোগ করা হয় যে পুরোনো গণরুম-গেস্টরুম কালচার ফিরিয়ে আনার অপচেষ্টা করছে ছাত্রদল।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হতে এ বিক্ষোভ কর্মসূচি আরম্ভ হয়। পরবর্তীতে এই কর্মসূচি টিএসসি হয়ে কলা ভবনে হতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সম্মুখে গিয়ে সামবেশের মাধ্যমে শেষ হয়।

 

এ সময় তাদের ‘চাঁদাবাজি করে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা আর সন্ত্রাস, একসঙ্গে চলে না’, ‘রামদা আর সন্ত্রাস, একসঙ্গে চলে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, গতকাল আমাদের ভাই আব্দুল্লাহ আল মাহমুদের ওপর ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে থানায় হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা বিগত ফ্যাসিবাদের আমলেও এক দিনে এতগুলো সাংবাদিকদের ওপর হামলা হতে দেখিনি। তারা যে নোংরা ফটোকার্ড ছড়িয়েছে, সেই ফটোকার্ড যাদের প্রোফাইলে থাকে তাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান সেটিকে মিথ্যা বলে চিহ্নিত করেছে। আমরা দেখছি হলগুলোতে আদু ভাইদের উঠিয়ে পুরোনো গণরুম-গেস্টরুম কালচার ফিরিয়ে আনার অপচেষ্টা করা হচ্ছে।

 

ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি বলেন, তারা আমাদের ভাই আশরাফুলের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে। সে এখন হাসপাতালে কাতরাচ্ছে। সামনে তার একটি অপারেশন হবে।

 

ছাত্রদলের প্রতি তিনি আহবান জানান, আমরা কল্যাণের রাজনীতির ধারা চালু করেছিলাম। ছাত্রশিবির রাজনীতির ধারা পরিবর্তনে ভূমিকা রেখেছে। ছাত্রদলের ভাইদেরও আমরা কল্যাণমূলক রাজনীতি করতে দেখেছি। কিন্তু কীসের জন্য তারা সেই নব্বইয়ের রাজনীতিতে ফিরে যাচ্ছে। আপনারা আমাদের সহযোদ্ধা। মানুষ আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে।

 

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের কর্মকাণ্ড দেখলে আমার হাসি পায়। তারা এখনও নব্বইয়ের দশকে বসবাস করছে। ঈশ্বরদী কলেজের পূর্বঘোষিত কর্মসূচিতে তারা হামলা চালিয়েছে। কেন? কারণ তারা চায় শিবির তাদের ওপর হামলা করুক। তারপর তারা পত্রিকায় ন্যারেটিভ তৈরি করে ক্যাম্পাস দখল করবে। কিন্তু এটা ২০২৬ সাল, নব্বইয়ের দশক নয়।