কাঁধের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে পড়া বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমনের জায়গায় শ্রীলঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ডান কাঁধে আঘাত পান ইমন। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি।
এমআরআই স্ক্যানের রিপোর্ট থেকে জানা যায়, ইমনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই চিকিৎসকেরা তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এবারের আসর দিয়েই নবম বাংলাদেশি হিসেবে পিএসএলে অভিষেক হয়েছিল ইমনের। প্রথম দুই ম্যাচে তিনি ব্যাট হাতে ভালো করতে পারেননি (১৪ ও ১২)।
ইমনের মতোই বাঁহাতি আসালাঙ্কারও এবার পিএসএলে অভিষেক হতে যাচ্ছে। এর আগে বিদেশি লিগগুলোর মধ্যে আসালাঙ্কা শুধু আরব আমিরাতের আইএলটি২০ তে খেলেছেন।
লাহোর কালান্দার্সের পরের ম্যাচ আগামী শুক্রবার (১৭ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। ৫ ম্যাচে ২ জয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ছয়ে আছে লাহোর।