Image description

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। তবে হারের পরও বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে স্প্যানিশ জায়ান্টরা। পেনাল্টি না দেওয়া এবং ভিএআরের হস্তক্ষেপ না থাকা নিয়ে ক্ষুব্ধ কাতালান ক্লাবটি।

 

ম্যাচের ৫৪ মিনিটে ঘটে বিতর্কিত ঘটনাটি। অ্যাটলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিল বল হাতে ছোঁয়ার পরও পেনাল্টি দেননি রেফারি ইস্তভান কোভাচ। ভিএআরও এতে হস্তক্ষেপ করেনি। অথচ তখন পুবিল আগেই হলুদ কার্ড দেখেছিলেন, ফলে পেনাল্টি হলে তাকে মাঠ ছাড়তে হতে পারত।

 

এই সিদ্ধান্তের প্রতিবাদেই উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, রেফারির সিদ্ধান্ত ম্যাচের গতিপ্রকৃতি ও ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

 

বার্সার দাবি, এটি শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, বরং নিয়মবিরুদ্ধ আচরণের উদাহরণ। তারা এই ঘটনার তদন্ত, রেফারিদের মধ্যে হওয়া যোগাযোগের তথ্য প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

 

একই সঙ্গে বার্সেলোনা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতেও এমন কিছু সিদ্ধান্ত তাদের ক্ষতিগ্রস্ত করেছে, যা প্রতিযোগিতায় সমতা বজায় রাখতে বাধা তৈরি করেছে।

 

এই ম্যাচে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। প্রথমার্ধে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। পরে দ্বিতীয়ার্ধে আলেকজান্ডার সোরলথ ব্যবধান বাড়ান।

 

ম্যাচ শেষে কোচ হানসি ফ্লিকও ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, ঘটনাটি স্পষ্ট পেনাল্টি এবং দ্বিতীয় হলুদ কার্ডের যোগ্য ছিল।