বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, বর্তমান কমিটির সদস্যরা চাইলে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন এবং তিনি নিজেও প্রার্থী হবেন।
তামিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই অবশ্যই আমরা ইলেকশন করব।’
একই সঙ্গে তিনি যোগ করেন, ‘এখানে আপনি আমার ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন, আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, আরেকজনের ইচ্ছা থাকতে পারে উনি করতে পারেন, আবার নাও করতে পারেন।’
নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য করতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ‘খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করবে… এভরিবডি শুড পার্টিসিপেট।’
তামিমের মতে, অ্যাডহক কমিটির প্রধান দায়িত্বই হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। তিনি বলেন, ‘আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থা আমরা ক্রিয়েট করে দিবো যেখানে সবাই এসে ইলেক্ট করতে পারবে।’
প্রথম দিন থেকেই তাই নির্বাচনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে নতুন কমিটি। তামিমের বক্তব্যে স্পষ্ট, শুধু নির্বাচন আয়োজন নয়, বরং সেই নির্বাচনে নিজেদের অংশগ্রহণের পথও খোলা রাখছে তারা।
এখন নজর থাকবে, ঘোষিত সেই ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনের পরিবেশ কতটা বাস্তবে রূপ পায়।