নিজেদের নতুন স্টেডিয়ামের উদ্বোধনকে বিশেষ করে তুলতে লিওনেল মেসিকে সম্মান জানিয়ে তার নামে এক স্ট্যান্ডের নামকরণ করে ইন্টার মিয়ামি। আর সেই ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই গোল করে রাতটিকে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে সব আনন্দের মাঝেও জয় পাওয়া হলো না মিয়ামির। অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্লোরিডার ক্লাবটিকে।
নতুন স্টেডিয়ামে ইতিহাস গড়ার অপেক্ষা ছিল স্বাগতিকদের। ম্যাচের শুরুতেই সেই আশা পূরণ করেন মেসি। ১০ মিনিটের মধ্যেই জালের দেখা পেয়ে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে উদযাপন করেন গোল। যদিও স্টেডিয়ামের প্রথম গোলটি আসে অতিথিদের কাছ থেকে—অস্টিনের ডিফেন্ডার গুইলহেরমো বিরোর পা থেকে। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি, চার মিনিট পরই হেডে সমতা ফেরান মেসি। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ভাগ্য সহায় হয়নি অস্টিনের। দুবার পোস্টে বল লাগে, পেনাল্টির দাবিও নাকচ হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে যায় তারা। এক বিরল মুহূর্তে বল হারান মেসি, আর সেই সুযোগে জেইডেন নেলসনের গোলে এগিয়ে যায় অস্টিন।
পিছিয়ে পড়ার পর চাপ বাড়াতে থাকে মিয়ামি। নিজের ভুল শোধরাতে মরিয়া হয়ে ওঠেন মেসি। তার একটি দুর্দান্ত শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ব্রাড স্টুভার। তবে শেষ পর্যন্ত সমতা ফেরান আরেক অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজ। ম্যাচের ৮১ মিনিটে ভলি থেকে গোল করে ২-২ করেন ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা শেষ মুহূর্তে আরেকটি জাদুকরী মুহূর্তের অপেক্ষায় ছিলেন। কিন্তু মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসায় জয় আর ধরা দেয়নি।
গত মৌসুমে এমএলএস কাপ জয়ের পর নতুন স্টেডিয়ামে এটাই ছিল মিয়ামির প্রথম হোম ম্যাচ। দীর্ঘ ছয় বছরের বেশি সময় ফোর্ট লডারডেলে খেলার পর নিজেদের শহরে ফিরল দলটি। ড্র হলেও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত থাকল মিয়ামি, অন্যদিকে টানা চার ম্যাচ জয়হীন রইল অস্টিন।