Image description

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের দীর্ঘদিনের ভরসার প্রতীক ও তারকা ব্যাটার ভ্যান ডার ডুসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৭১টি ওয়ানডে, ৫৭টি টি-টোয়েন্টি এবং ১৮টি টেস্ট ম্যাচ খেলা এই ক্রিকেটার ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে ৫০.১৩ গড়ে রান নিয়ে বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। এর ফলে ওয়ানডে ক্রিকেটে ৫০ বা তার বেশি ইনিংসে ৫০-এর বেশি গড় রাখা মাত্র তিন জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের একজন হলেন তিনি; বাকি দুজন কিংবদন্তি হলেন এবি ডি ভিলিয়ার্স এবং লরা ওলভার্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই আবেগঘন বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত হৃদয়ে এবং গভীর কৃতজ্ঞতার সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া (দক্ষিণ আফ্রিকা) জার্সি গায়ে জড়ানো এমন এক অর্জন যার জন্য চরম সহনশীলতা এবং উৎসর্গের প্রয়োজন হয়; যা একই সাথে আপনার পরীক্ষা নেবে এবং আপনাকে অবিশ্বাস্যভাবে পুরস্কৃতও করবে। নিজের দেশের হয়ে খেলতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই পথচলাটি বছরের পর বছর ত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে, তবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করার এই বিশেষ সম্মানটি প্রতিটি মুহূর্তেরই যোগ্য ছিল।’

 চার ভাইয়ের পরিবারে বেড়ে ওঠার স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, ‘চার ভাই—আদ্রিয়ান, নিকো, সিই এবং আমার পরিবারে বেড়ে ওঠার সময় প্রোটিয়াদের ব্যাজটিকে সবসময় পবিত্র কিছু হিসেবে দেখা হতো। আমরা একসাথে এই খেলাটি নিয়ে মেতে থাকতাম। আন্তর্জাতিক মঞ্চে আমাদের পারিবারিক নাম বয়ে নিয়ে যাওয়ার এই দায়িত্বটি আমি গর্বের সাথেই কাঁধে নিয়েছিলাম। আমি কেবল আমার পরিবেশ, বছরের পর বছর গড়ে ওঠা সৌহার্দ্য, ভালোবাসা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টারই একটি ফসল।’

২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে দেরিতে অভিষেক হয় ভ্যান ডার ডুসেনের। তবে ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেই তিনি নিজেকে সবচেয়ে বেশি উজ্জ্বল করে তুলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৩ নম্বরে ব্যাট করতে নেমে তিনি দুর্দান্ত ৯৩ রান করেছিলেন। এরপর তিনি ২০১৯ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অত্যন্ত সফলভাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন। এই টুর্নামেন্টগুলোতে তিনি ৫৪.২ গড়ে মোট ৭৫৯ রান করেন, যার মধ্যে দুটি সেঞ্চুরিই ছিল ২০২৩ সালের বিশ্বকাপে। ২০২৩ সালে তিনি ওয়ানডে সংস্করণে বিশ্বের ২ নম্বর ব্যাটসম্যান হিসেবে আইসিসির সেরা র‍্যাঙ্কিং অর্জন করেছিলেন এবং তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে তিনি ১৩৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।