Image description

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী কণ্ঠে জয় পাওয়ার কথা বলেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের। তবুও ফল নয়, পারফরম্যান্স নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, এই হার মেনে নেওয়া কঠিন, কারণ তার মতে পুরো বাছাইপর্বে এটিই ছিল বাংলাদেশের সেরা পারফরম্যান্স। তার বিশ্বাস, দলটি অন্তত একটি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। খেলোয়াড়দের প্রচেষ্টা ও মানসিকতায় তিনি গর্বিত বলেও জানান।

 

তিনি বলেন, শুধু ফলাফল নয়, দল কীভাবে খেলছে সেটাও গুরুত্বপূর্ণ। এই ম্যাচে বল দখল ও খেলার নিয়ন্ত্রণ—দুটোতেই এগিয়ে ছিল বাংলাদেশ। সে কারণে পারফরম্যান্স নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

 

এশিয়ান কাপ বাছাইপর্বে ছয় ম্যাচে একটি জয়, দুটি ড্র ও তিনটি হার নিয়ে অভিযান শেষ করেছে বাংলাদেশ। তবে কাবরেরার দাবি, অনেক ম্যাচেই তারা প্রতিপক্ষের চেয়ে ভালো ফুটবল খেলেছে। সিঙ্গাপুরের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুললেও এই ম্যাচে তার দলই ভালো খেলেছে বলে মনে করেন তিনি।

 

 

বাংলাদেশ দলের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদও এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে। ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু না বললেও কাবরেরা মনে করেন, দলের উন্নতির ধারাটা ধরে রাখা জরুরি। তার মতে, দায়িত্বে কে থাকছেন সেটি বড় বিষয় নয়; বরং পরিকল্পনা ও ধারাবাহিকতা বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ।

 

তরুণদের সুযোগ দেওয়া এবং ধীরে ধীরে দল গড়ে তোলার ওপর জোর দেন তিনি। বিশেষ করে অনূর্ধ্ব-২০ পর্যায়ে ভালো করা খেলোয়াড়দের তুলে আনার কথাও বলেন কাবরেরা।

 

জয়ের সংখ্যা কম হলেও দলের অগ্রগতি স্পষ্ট বলেই মনে করেন এই কোচ। তার মতে, খেলোয়াড়রা এখন আরও পরিণতভাবে খেলতে পারছে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে উন্নতি এসেছে। তবে সুযোগ কাজে লাগানোর জায়গাটিতে এখনও ঘাটতি রয়েছে।

 

কাবরেরার বিশ্বাস, এই জায়গায় উন্নতি আনতে পারলে আগামী কয়েক বছরে ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যেতে পারে।