Image description

বৈষম্য ও বর্ণবাদের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। ফিফার এক প্রতিবেদনে একাধিক অনিয়ম ও বৈষম্যের প্রমাণ পাওয়ার পরই এই দাবি জোরালো করেছে তারা।

 

ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজৌব এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি ফুটবল সংস্থাকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বহিষ্কারের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। তার মতে, ফিফার সাম্প্রতিক জরিমানা গুরুত্বপূর্ণ হলেও তা যথেষ্ট নয়।

 

গত সপ্তাহে বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘনের দায়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা। তবে পিএফএ মনে করছে, শুধু জরিমানা নয়—আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন।

 

ফিফার শৃঙ্খলা কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের ক্লাব বেইতার জেরুজালেমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে আসা বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আইএফএ।

 

 

এছাড়া, ফিলিস্তিনের অভিযোগ—অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত কয়েকটি ইসরায়েলি ক্লাবকে নিজেদের লিগে অন্তর্ভুক্ত করেছে আইএফএ, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

 

রাজৌব আরও দাবি করেন, গাজায় চলমান সংঘাতের সময় বহু ক্রীড়াবিদ নিহত হয়েছেন এবং ক্রীড়া অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার সঙ্গেও ইসরায়েলের ক্রীড়া সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

তবে পৃথক এক তদন্তে ফিফা জানিয়েছে, পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলোর বিষয়ে ইসরায়েলি ফুটবল সংস্থার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

 

উল্লেখ্য, ইসরায়েল বর্তমানে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অধীনে প্রতিযোগিতায় অংশ নেয়।

 

সূত্র: আল-জাজিরা