Image description

গত বছরের মর্মান্তিক দুর্ঘটনায় পদদলিত হয়ে প্রাণ হারানো সমর্থকদের স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দলটির হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার ১১টি আসন খালি রাখা হবে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে।

 

আরসিবির প্রধান নির্বাহী রাজেশ মেনন জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে প্রয়াত সমর্থকদের স্মরণ করা হবে, যারা সবসময় দলের যাত্রার অংশ হয়ে থাকবেন।

 

২০২৫ সালে প্রথমবার আইপিএল শিরোপা জয়ের পরদিন বেঙ্গালুরুতে আয়োজিত উদযাপনে ভয়াবহ হুড়োহুড়িতে পদদলনের ঘটনা ঘটে। এতে ১৪ থেকে ২৯ বছর বয়সী ১১ জন সমর্থক প্রাণ হারান এবং আরও অর্ধশতাধিক মানুষ আহত হন।

 

নতুন মৌসুম শুরুর আগে দলটি আরও কিছু প্রতীকী পদক্ষেপ নিয়েছে। উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনে খেলোয়াড়রা ‘১১’ নম্বর সংবলিত জার্সি পরবেন এবং ম্যাচে কালো বাহুবন্ধনী ধারণ করবেন।

 

এদিকে, ওই দুর্ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এবং কিছু ম্যাচ অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, এবারের আসরে আবারও এই ভেন্যুতেই আরসিবির হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

নিরাপত্তা জোরদারে স্টেডিয়ামে নতুন প্রযুক্তি সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরার মাধ্যমে দর্শকসংখ্যা ও ভিড় পর্যবেক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

 

উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল মৌসুম শুরু হচ্ছে শনিবার, যেখানে নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বেঙ্গালুরু।