Image description

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা ফ্রেন্ডলি খেলবে ভিয়েতনামের বিপক্ষে। ২৬ মার্চ ম্যাচটি হবে হ্যানয়ে।

বাংলাদেশ দল তিনদিন আগে ভিয়েতনাম পৌঁছালেও দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী যোগ দিয়েছেন মঙ্গলবার। বাংলাদেশ দল হ্যানয়ে যাওয়ার পরই হামজার সেখানে পৌঁছানোর কথা ছিল। তবে তার ক্লাব সিডিউলের কারণে দুই দিন বিলম্ব হলো।

দলের সঙ্গে যোগ দেওয়ার পর হামজার ৩০ সেকেন্ডের একটি ভিডিওবার্তা গণমাধ্যমে পাঠিয়েছে বাফুফে। সেখানে হামজা দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য রোমাঞ্চিত ছিলেন বলে উল্লেখ করেছেন।

 

 

হামজা বলেছেন, ‘ভিয়েতনাম আসার সবই ভালো ছিল। লম্বা ভ্রমণ। তবে বেশি কষ্ট ছিল না। বিশেষ ব্যস্তও ছিলাম না। ইনজুরি ভালোভাবেই কাটিয়ে উঠেছি। সব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি অনেক এক্সাইটেড ছিলাম খেলব বলে, টিমের সাথে যোগ দেবো বলে। টিমের সাথে খেলবো ভিয়েতনামের বিপক্ষে গেইমে। আলহামদুলিল্লাহ আসার পর এখন খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আমি ফিট এবং রেডি টু গো। পরিশেষে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক।’

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিনই বাংলাদেশ চলে যাবে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাই থেকে আগেই ছিটকে গেছেন হামজা-শামিতরা। ৩১ মার্চের ম্যাচ দিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরা শেষ করবেন তার এশিয়ান কাপ মিশন।