বিশ্বকাপ চক্রজুড়ে প্রত্যাশার তুলনায় হতাশাজনক পারফরম্যান্স করেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই ধারাবাহিকতায় ঘাটতি স্পষ্ট সেলেসাওদের পারফরম্যান্সে। ২০২৪ কোপা আমেরিকাতেও শেষ আটেই থেমে যায় তাদের পথচলা। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বেও খুব একটা স্বস্তিতে ছিল না দলটি, ৬টি হারে পয়েন্ট তালিকায় পঞ্চম হয়ে কোনোভাবে জায়গা নিশ্চিত করে তারা।
সম্প্রতি প্রীতি ম্যাচেও ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। জাপানের কাছে ৩-২ গোলে হার এবং তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র সেই হতাশার ধারাবাহিকতাই বাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচ দুটিকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন মারকিনিওস, আলিসন, এদারসন, কাসেমিরো, দানিলো, ব্রেমার, ভিনিসিয়ুস জুনিয়র ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞরা।
তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নেইমারের অনুপস্থিতি। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই তারকা ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর আর জাতীয় দলে খেলেননি। ক্লাব ফুটবলে ফেরার চেষ্টা করলেও এখনও পুরোপুরি ফিট নন তিনি।
স্কোয়াড ঘোষণার সময় আনচেলত্তি বলেন, ‘নেইমার এখনও শতভাগ ফিট নয়। সে যদি পুরোপুরি ফিট হতে পারে, তাহলে অবশ্যই দলে ফেরার সুযোগ আছে।’
দলে না থাকায় হতাশা প্রকাশ করেছেন নেইমার নিজেও। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ‘দলে ডাক না পেয়ে অবশ্যই খারাপ লাগছে। তবে আমার লক্ষ্য বদলায়নি।
বিশ্বকাপের আগে এটিই ব্রাজিলের শেষের আগের স্কোয়াড ঘোষণা। ফলে সামনে চূড়ান্ত দলে জায়গা পেতে হলে নেইমারকে দ্রুত পূর্ণ ফিটনেসে ফিরতে হবে। সময় তার পক্ষে না থাকলেও আশা ছাড়ছেন না ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।