Image description

বার্সেলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা বলে জানিয়েছেন জোয়ান লাপোর্তা।

 

রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে বড় ব্যবধানে হারিয়ে আবারও ক্লাবটির সভাপতি নির্বাচিত হন লাপোর্তা। মোট ৪৮ হাজার ৪৮০টি ভোটের মধ্যে তিনি পেয়েছেন প্রায় ৬৮ শতাংশ ভোট। নতুন মেয়াদে তিনি ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন।

 

নির্বাচনের সময় মেসির প্রসঙ্গটি বারবার সামনে আসে। ফন্ট প্রচারণায় উল্লেখ করেন, লাপোর্তার সময়েই ২০২১ সালে মেসিকে ক্লাব ছাড়তে হয়েছিল এবং ২০২৩ সালে সম্ভাব্য প্রত্যাবর্তনও হয়নি। তবে এসব সমালোচনা ভোটারদের সিদ্ধান্তে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।

 

স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘মেসি যেভাবে চান সেভাবেই তিনি বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তিনি একটি বিদায়ী ম্যাচের যোগ্য এবং তার জন্য একটি মূর্তিও হওয়া উচিত। বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা।’

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। বার্সেলোনার হয়ে তিনি ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা।

 

এদিকে দ্বিতীয় মেয়াদে ক্লাব পরিচালনার পরিকল্পনাও তুলে ধরেছেন লাপোর্তা। কোচ হানসি ফ্লিক এবং ক্রীড়া পরিচালক ডেকোর নেতৃত্বে শক্তিশালী দল গড়ে তোলা, নতুন করে সংস্কার করা স্পটিফাই ক্যাম্প ন্যু প্রকল্প শেষ করা এবং ক্লাবের আর্থিক উন্নয়ন নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

 

লাপোর্তার বিশ্বাস, সামনে বার্সেলোনার জন্য আরও সফল সময় অপেক্ষা করছে।