আরো পাচ বছরের জন্য স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট নিবাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে হারিয়ে নিজের চতুর্থ মেয়াদে বার্সার দায়িত্ব নিলেন ৬৩ বছর বয়সী এই সংগঠক।
ভোটে বার্সেলোনার ১ লাখ ১৪ হাজার ৫০৪ জন সদস্যের মধ্যে প্রায় ৪২.৩৪ শতাংশ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৮,৪৮০ জন ভোটারের মধ্যে লাপোর্তা পেয়েছেন ৩২,৯৩৪ ভোট। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন মাত্র ১৪,৩৮৫ ভোট।
এর আগে ২০২১ সালে ৩০ হাজার ১৮৪ ভোট (৫৪.২৮%) পেয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন লাপোর্তা। আর প্রথম দফায় ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সভাপতি ছিলেন তিনি।
ক্যাম্প ন্যু-তে জয়ের ঘোষণা আসার পর উচ্ছ্বসিত লাপোর্তা বলেন, 'এটি একটি অভাবনীয় জয়। এই জয় আমাদের অনেক শক্তি দিয়েছে এবং আমাদের অপ্রতিরোধ্য করে তুলেছে। সামনের বছরগুলো দারুণ রোমাঞ্চকর হতে যাচ্ছে; আমি নিশ্চিত এটি আমাদের জীবনের অন্যতম সেরা সময় হবে।'
বিশ্লেষকদের মতে, লাপোর্তার এই বিশাল জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কোচ হানসি ফ্লিকের অধীনে মাঠের সাফল্য। ২০২১ সালে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, তখন বার্সা ঋণে জর্জরিত এবং দলের পারফরম্যান্স ছিল তলানিতে। ৫ বছর পর এখন বার্সা স্পেনের ঘরোয়া ‘ট্রেবল’ চ্যাম্পিয়ন এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল।
ভোট দিয়েছেন সাবেক কোচ জাভি হার্নান্দেজও। অথচ কয়েক দিন আগেই লিওনেল মেসির ক্লাবে ফিরতে না পারার বিষয়ে লাপোর্তাকে ‘মিথ্যাবাদী’ বলে সমালোচনা করেছিলেন তিনি। এছাড়া সাবেক মিডফিল্ডার সার্জিও বুসকেটস এবং ইনজুরিতে থাকা নারী দলের তারকা আইতানা বোনমাতি ও লাইয়া আলেকজান্দ্রিও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
হানসি ফ্লিককে ধন্যবাদ জানিয়ে হুয়ান লাপোর্তা বলেন, 'আমাদের ম্যানেজার হানসি ফ্লিককে ভোট দিতে আসতে দেখাটা দুর্দান্ত ছিল। তিনি ক্লাবের একজন সদস্য হিসেবে এই প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েছেন।'
আপাতত বার্সা সমর্থকদের জন্য আগামী ৫ বছর লাপোর্তার নেতৃত্ব নিশ্চিত। তার হাত ধরে বার্সেলোনার এই ‘গোল্ডেন পিরিয়ড’ বা সোনালী সময় কতদূর বজায় থাকে, সেটাই এখন দেখার বিষয়। বুধবার নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এই জয় বার্সা শিবিরে বাড়তি শক্তির জোগান দেবে।