জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে জুলাই সনদের আলোকে পথ চলবে। আমরা কোনো ইমোশনের জায়গায় নেই, ইমোশন এবং আইন—দুটিকে এক সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা যারা জুলাই সনদ পড়েছেন, তারা দেখবেন যে ওখানে বলা আছে, সংবিধান সংশোধন সাপেক্ষে এই সনদের সর্তাবলী কার্যকর হবে। আমরা সংবিধান সংশোধনী সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া, সে পথেই যাব।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল খনন করব। শুধু তাই নয়, উচ্ছেদও করব।
কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।