Image description

সবশেষ ২০২৫ সালের জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। সেবার ২-১ ব্যবধানে সিরিজ হারে দলটি। সিরিজ হারের ওই সফরে এসে মিরপুরের উইকেট নিয়ে তুমুল সমালোচনা করেছিলেন মাইক হেসন। এবারও পাকিস্তান দলের হেড কোচের দায়িত্বে আছেন তিনি। তবে এবার আর উইকেটের সমালোচনা করেননি। বরং বলেছেন, আগের চেয়ে ভালো উইকেট আছে।

আগের দফায় মিরপুরের উইকেটের সমালোচনা করায় এবার কী মন্তব্য করেন হেসন, সেটার অপেক্ষায় ছিলেন সবাই। তবে সবাইকে অবাক করে এবার আর সমালোচনা করেননি মাইক হেসন। তার কথায়, ‘এটা (উইকেট) নির্দিষ্টভাবে দেখতে ভালো লেগেছে। দূর্ভাগ্যবশত তখন তেমন পিচ ছিল। তবে বিপিএলে ভালো উইকেট ছিল।’

 

উইকেট নিয়ে হেসন আরও বলেন, ‘উইকেট ঘাসে ঢাকা ছিল। আশা করি, ব্যাট-বলের ভালো লড়াই হবে। আমার ধারণা, দুই পক্ষই ভালো সুবিধা হবে। দুই দলই চাইবে উইকেটে ভালো ক্রিকেট হবে। আশা করি, চ্যালেঞ্জিং হবে।’

 

এমন উইকেটে বাংলাদেশকে হারানো সহজ হবে কি না সে বিষয়ে হেসন বলেন, ‘অবশ্যই আমরা পারব। আমরা অবশ্যই বাংলাদেশকে তাদের কন্ডিশনে সম্মান করি। এখানে ভিন্ন কন্ডিশন থাকবে। যেটা আমরা টি-টোয়েন্টি সিরিজে দেখেছি।’

 

আরও যোগ করেন, ‘এখানে খানিকটা অনিয়মিত বাউন্স থাকে। গড়পড়তা মানের উইকেট। তবে এখন অবশ্যই আগের থেকে ভালো উইকেট। দুই দলই চ্যালেঞ্জিং লড়াই করবে।’

 

চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস থাকলেও লাল-সবুজের প্রতিনিধিদের এগিয়ে রাখছেন মাইক হেসন। কারণ হিসেবে উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ওয়ানডে সংস্করণে ম্যাচ খেলেছে। সেই অভিজ্ঞতা লাল-সবুজের প্রতিনিধিরা কাজে লাগাবে বলে মনে করেন তিনি।

 

বাংলাদেশ সফরে খানিকটা নতুন দল নিয়ে এসেছে পাকিস্তান। স্কোয়াডে আছেন ছয় অনভিষিক্ত ক্রিকেটার। তাদের জন্য বাংলাদেশ সফর দারুণ সুযোগ হতে যাচ্ছে বলে মনে করেন মাইক হেসন। তার কথায়, ‘দারুণ একটা দল। আপনারা জানেন, আমাদের কিছু নতুন আছে। তারা শাহীনসের হয়ে দারুণ খেলেছে। পরবর্তী পর্যায়ে ভালো খেলার মতো সামর্থ্যবান বলেই তারা সুযোগ পেয়েছে। আমার মনে হয়, এখানে আমাদের চ্যালেঞ্জ শুধুমাত্র মানিয়ে নেওয়া। একটা দল বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হয়েই এসেছে।’

 

এইদিকে বাবর আজমকে ছাড়া বাংলাদেশে এসেছে পাকিস্তান। এ নিয়ে প্রশ্ন হলে খানিকটা এড়িয়েই গিয়েছেন মাইক হেসন। তার কথায়, ‘যে কেউ দল থেকে বাদ পড়তে পারে। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, অন্যদের দেখার জন্য।’