পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণার সময় সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল লিটন কুমার দাসের অন্তর্ভুক্তি। কারণ, ওয়ানডে ক্রিকেটে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। এ কারণে তাকে দলে রাখা হবে কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। শেষমেশ পাকিস্তান সিরিজের স্কোয়াডে জায়গা পান লিটন। তবে এবার ওয়ানডেতে তাকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। জানা গেছে, দলের প্রয়োজনে মিডল-অর্ডারের দায়িত্ব সামলাবেন তিনি।
এ নিয়ে সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সের ভাষ্য, ‘আসলে লিটনকে কোনো কিছু (মিডল অর্ডারে ব্যাটিং করাতে) বোঝাতে বা রাজি করাতে হয়নি। আমরা শুধু তাকে বলেছি যে, দলের এই মুহূর্তে এটা প্রয়োজন এবং সে সানন্দে রাজি হয়েছে। লিটন দলের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। সে যখন অধিনায়ক থাকে তখনও যেমন, এখনও ঠিক তেমন। তাকে আলাদা করে রাজি করানোর (মিডল অর্ডারে ব্যাটিং করাতে) প্রয়োজন পড়েনি।’
তিনি যোগ করেন, ‘প্রথমত, ৫০ ওভার উইকেটকিপিং করার পর আবার এসে ব্যাটিং ওপেন করা বা টপ অর্ডারে খেলা বেশ কঠিন। দ্বিতীয়ত, লিটন স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাই মাঝের ওভারগুলোতে তার উপস্থিতি আমাদের জন্য সহায়ক হবে। মিডল অর্ডার আমাদের একটি দুর্বল জায়গা ছিল, তাই সেখানে তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমরা কাক্ষিত ফলাফল পাওয়ার আশা করছি।’
টাইগার এই কোচ বলেন, ‘লিটন যেকোনো পজিশনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে (লিটন) এখন তার খেলা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দলের প্রয়োজনে যেকোনো ভূমিকা পালন করতে তিনি প্রস্তুত।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ সহজ হবে না দাবিতে সিমন্স বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, পাকিস্তান এবার আর ৩-০ ব্যবধানে হারতে আসেনি। তারা এই সিরিজে অনেক শক্তিশালী হয়ে ফিরবে এবং আমাদের কঠিন লড়াই দেবে।’