Image description

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র চার মাস বাকি। এমন সময়ে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ায় আয়োজক দেশটির প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতেও আশ্বস্ত থাকার কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

 

কলম্বিয়ার বাররাঙ্কিয়ায় এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘আমি খুব আশ্বস্ত। সবকিছু ঠিক আছে। বিশ্বকাপ অসাধারণ হবে।’

 

শক্তিশালী মাদক কার্টেল লিডার নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা সেনা অভিযানে নিহত হওয়ার পর বিশেষ করে গুয়াদালাহারাসহ একাধিক শহরে সহিংসতার ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, অভিযানে ও পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।

 

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করবে তিন দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকোর তিনটি শহর—মেক্সিকো সিটি, মন্টেরি ও গুয়াদালাহারা—ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে। এর মধ্যে গুয়াদালাহারায় চারটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম অবশ্য জানিয়েছেন, বিশ্বকাপ দর্শকদের জন্য ‘কোনো ঝুঁকি নেই’ এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুসও গুয়াদালাহারাকে আয়োজক তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।

 

তবে সব মহল সমানভাবে আশ্বস্ত নয়। পর্তুগাল ফুটবল ফেডারেশন মার্চে মেক্সিকো সিটিতে নির্ধারিত প্রীতি ম্যাচ ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তাকেই তারা অগ্রাধিকার দেবে।

 

বিশ্বকাপের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখন নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। তবু ফিফার বার্তা পরিষ্কার—পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নির্ধারিত সূচি অনুযায়ীই আসর মাঠে গড়াবে।