পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পেশোয়ার। আগামী বছর প্রথমবারের মতো এই শহরে অনুষ্ঠিত হবে পিএসএলের ম্যাচ। শুধু তাই নয়, আসরের উদ্বোধনী ম্যাচও আয়োজন করবে পেশোয়ার। একই সঙ্গে শহরটির ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম ফিরে পাচ্ছে পুরোনো নাম ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’।
আগে যার নাম ছিল ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেশোয়ারকে পিএসএলের ভেন্যু তালিকায় যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী আসরে এটি হবে লিগের ষষ্ঠ ভেন্যু। তবে পেশোয়ারে ঠিক কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বোর্ড।পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অবশ্য এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচ আয়োজনের পাশাপাশি পেশোয়ারে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি।
২০২০ সালে পাকিস্তানে পুরোপুরি ফেরার পর থেকে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান এই চার শহরে অনুষ্ঠিত হয়ে আসছিল পিএসএল। তবে এবারের আসরে দুটি নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতার দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে।
একই সঙ্গে ম্যাচের সংখ্যাও ৩৪ থেকে বেড়ে হয়েছে ৪৪। ফলে নতুন ভেন্যু হিসেবে ফয়সালাবাদ ও পেশোয়ারকে যুক্ত করার পরিকল্পনা করেছিল পিসিবি।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশোয়ারকে ভেন্যু হিসেবে যুক্ত করা খাইবার পাখতুনখোয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত। ২০১৬ সালে পিএসএলের প্রথম আসর থেকেই দূরে বসে নিজেদের দল ও টুর্নামেন্টকে সমর্থন করে আসছিলেন এই অঞ্চলের সমর্থকেরা।
এদিকে পেশোয়ারের স্টেডিয়ামের ঐতিহাসিক নাম ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন গভর্নর ফয়সাল করিম কুন্ডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, ইমরান খান স্টেডিয়াম নাম পরিবর্তন করে আবারও আরবাব নিয়াজ স্টেডিয়াম করা হচ্ছে।
কুন্ডি বলেন, ‘আজ আমরা আরবাব নিয়াজ স্টেডিয়ামের ঐতিহাসিক নাম ফিরিয়ে আনছি। ইমরান খান স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত আমরা বাতিল করছি। পেশোয়ারের ইতিহাস, ঐতিহ্য এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। ’
উল্লেখ্য, ১১ অক্টোবর থেকে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ও জরুরি অবস্থা কার্যকর রয়েছে। এর আগে প্রদেশটি ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনে ছিল।
আগামী ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের দ্বাদশ আসর। এর আগে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম।
উল্লেখ্য, সর্বশেষ আসরে লাহোরে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল পেশোয়ার জালমি। এবার নিজেদের শহরেই পিএসএলের ম্যাচ দেখার সুযোগ পাবেন দলটির সমর্থকেরা।
শীর্ষনিউজ