হত্যার পর মরদেহ যাতে নদীতে ভেসে না ওঠে, সে জন্য পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলা হতো। গলা ও পায়ে বেঁধে দেওয়া হতো সিমেন্টভর্তি বস্তা। গুলির শব্দ আড়াল করতে মাথা ও কানের পাশে ঠেকানো হতো বালিশ। এরপর নৌকায় করে গভীর মোহনায় নিয়ে ফেলে দেওয়া হতো মরদেহ।
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের দাবি, এসব হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও পদ্ধতিগত। এতে জিয়াউল আহসানের নির্দেশনা ও নেতৃত্ব ছিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে সাক্ষীদের জবানবন্দি থেকে এসব তথ্য তুলে ধরা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, হত্যার সময় নিজের শরীরে রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। একটি হত্যাকাণ্ডে একজন গুলি করতেন, আরেকজন পেট কেটে নাড়িভুঁড়ি বের করার কাজ করতেন।
বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুরুতে মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য এবং মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি পড়ে শোনান তিনি।
হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘মাই লর্ড, এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে। ’
নৌকায় তুলে হত্যার বিবরণ
গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র্যাবে দায়িত্ব পালনের সময় ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথা উল্লেখ করেন সাব্বির।
তার জবানবন্দি অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে যান জিয়াউল আহসান। সেখান থেকে সাব্বিরকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে পৌঁছান তিনি। ঘাটে আগে থেকেই র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন।
ঢাকা থেকে আসা ওই সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। তাদের সঙ্গে হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরানো এক ব্যক্তিকেও ট্রলারের খোলে রাখা হয়।
সাক্ষীর ভাষ্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যাত্রা করে। প্রায় তিন ঘণ্টা পর ওই ব্যক্তিকে ট্রলারের খোল থেকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর র্যাবের চার সদস্য তার গলা ও পায়ের কাছে সিমেন্টভর্তি দুটি বস্তা বেঁধে দেন। মাথা ও কানের পাশে ছোট একটি বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়। পরে তার পেট কেটে ফেলা হয়।
সাব্বির রহমান জানান, একজন র্যাব সদস্য নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার কাজটি নিশ্চিত করতেন। এরপর নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা বিবেচনা করে ট্রলারের গতি কমানোর নির্দেশ দিতেন জিয়াউল আহসান। পরে ইন্টেলিজেন্স উইংয়ের চার সদস্যকে সিমেন্টের বস্তাসহ মরদেহ পানিতে ফেলে দিতে বলা হতো।
হত্যাকাণ্ড শেষে তারা চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন। পথে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিয়াউল আহসান বলেছিলেন, ‘এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে। ’
সাবেক বিজিবি সদস্য নজরুলের মরদেহ শনাক্ত
২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি হত্যাকাণ্ডের বিবরণও দেন সাব্বির রহমান ওসমানী। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি।
তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা অবস্থায় উদ্ধার হওয়া একটি মরদেহের ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি ছিলেন সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম।
জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে। সাব্বির রহমান জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল আহসান বলেন, আলকাছ মাঝি চরদুয়ানী বাজারে ‘গলফ অপারেশন’ নিয়ে বিভিন্ন তথ্য বলে বেড়াচ্ছেন। এতে র্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেন জিয়াউল আহসান।
সুন্দরবনেও একই ধরনের অভিযান
পাথরঘাটার চরদুয়ানীর পাশাপাশি সুন্দরবনেও একই ধরনের অভিযান চালানোর কথা জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির রহমান। তার ভাষ্য অনুযায়ী, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি কথিত ‘এনকাউন্টার’ অভিযান প্রত্যক্ষ করেন তিনি।
এসব ঘটনায় মানসিক যন্ত্রণা থেকে প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন বলে জানান সাব্বির। চাকরির ১৮ বছর পূর্ণ হওয়ার পর র্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান তিনি।
ভার্চ্যুয়ালি ট্রাইব্যুনালে আসামি
প্রথম দিনের যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিরাপত্তাজনিত কারণে সশরীরে হাজির না হয়ে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নেন মামলার একমাত্র আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তার পক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ