Image description

সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে ঘটে গেছে ভয়ংকর ঘটনা। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ড্রেসিংরুম থেকে সুইচব্লেড হাতে আবার মাঠে ফিরে আসেন এক খেলোয়াড়। এ সময় তিনি প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার কর্মকর্তা ও খেলোয়াড়দের হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। তবে স্বস্তির বিষয় হলো এ ঘটনায় কেউ আহত হননি।

রোববার ট্রাপানি অঞ্চলের পলিসপোর্তিভো 'এম. ডি দিয়া' স্টেডিয়ামে ইতালির তেরজা ক্যাটাগোরিয়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও পারতান্না। তবে শেষ পর্যন্ত আর খেলা শেষ করা সম্ভব হয়নি।

ইতালির সংবাদমাধ্যম লা সিসিলিয়া ও লা রিপাবলিকার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ চলাকালে পাওলিনির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের ডাগআউটে থাকা ব্যক্তিদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। পরে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে। খেলা বন্ধ থাকার সময়ও ওই খেলোয়াড় পারতান্নার এক ফুটবলারকে বারবার লাথি মারেন।

এ ঘটনায় পাওলিনির সেই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ভিনচেনজো পেরনিচে। একই ঘটনায় নিজের খেলোয়াড়কে রক্ষা করতে এগিয়ে আসায় পারতান্নার কোচ কালান্দ্রাকেও লাল কার্ড দেখানো হয়। তবে মাঠ ছাড়ার পর ড্রেসিংরুমে না থেকে কিছুক্ষণ পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনির ওই খেলোয়াড়।

পারতান্না কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মাঠে ফিরে কোচ কালান্দ্রা, ক্লাবের কয়েকজন কর্মকর্তা ও প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে হুমকি দেন ওই ফুটবলার। একপর্যায়ে এক কর্মকর্তার গলা চেপে ধরেন তিনি। তখন তার অন্য হাতে ছিল সুইচব্লেডটি।

তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হননি। পরিস্থিতি নিরাপদ না থাকায় ম্যাচটি স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। জরুরি সহায়তার জন্য ১১২ নম্বরে ফোন করা হয়। পাশাপাশি পারতান্নার সহসভাপতিও পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাদের বক্তব্যও সংগ্রহ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর নিজেদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এবং বিচার বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা জানিয়েছে পারতান্না।

এদিকে রেফারির ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে পরিত্যক্ত ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। অন্যদিকে মাঠে ছুরি নিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশের তদন্তও চলবে।