দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রযুক্তির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে। প্রথমবারের মতো এই অঞ্চলের টুর্নামেন্টে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সেমিফাইনালের দুটি ম্যাচের পাশাপাশি ফাইনালেও থাকবে এই প্রযুক্তির সহায়তা। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসে নয়, ভিএআর পরিচালিত হবে থাইল্যান্ড থেকে। আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি চালু করছে সাফ। কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’। তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থাকবে থাইল্যান্ডে।
এ ব্যবস্থায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হবে থাইল্যান্ডে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত প্রটোকল অনুযায়ী মাঠের রেফারিকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। অর্থাৎ সাফে ব্যবহার হবে রিমোট ভিএআর পদ্ধতি।
প্রযুক্তির ব্যবহারের জন্য জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) ও টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। ভিএআর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় থেকেই কাজ করছেন।
থাইল্যান্ড থেকে প্রযুক্তি পরিচালনায় ইন্টারনেট সংযোগ ও দূরত্ব নিয়ে সম্ভাব্য জটিলতার প্রশ্ন উঠলেও সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল আশ্বস্ত করেছেন। তিনি বলেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটা অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্য বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি সুন্দরভাবেই সম্পাদন হবে।’
এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন কাট্টেল। তাঁর ভাষায়, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’