রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই ইতিহাস গড়েছেন পাকিস্তানের পেসার সাকিব খান। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৪৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ১৩০ রানে ৭ উইকেট নিয়েছেন সাকিব।
পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৪৩৪ রান। ফলে প্রথম ইনিংসে ১২ রানের সামান্য লিড পেয়েছে শ্রীলঙ্কা। তবে সফরকারীদের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান অভিষিক্ত সাকিব। চতুর্থ দিনের শুরুতে শ্রীলঙ্কার হাতে ছিল ৬ উইকেট, স্কোরবোর্ডে জমা ৪০৪ রান। সেখান থেকে বাকি ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দেন ৩১ বছর বয়সী এই পেসার। দিনের ছয় উইকেটের পাঁচটিই শিকার করেন তিনি।
অভিষেকে সাকিবের এই পারফরম্যান্সে গড়েছে নতুন রেকর্ড। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে কোনো পেসারের সেরা বোলিং এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল জাহিদ খানের। ১৯৯৬ সালে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সাকিব এই কীর্তি গড়েছেন নিজের প্রথম ইনিংসেই।
সব ধরনের বোলার মিলিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে ৭ উইকেট নেওয়া চতুর্থ বোলার সাকিব। এর আগে জাহিদ ছাড়া এই কীর্তি ছিল মোহাম্মদ নাজির ও আবরার আহমেদের। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন অফস্পিনার নাজির। আর ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে ৭ উইকেট পান লেগ স্পিনার আবরার।
এর আগে ব্যাট হাতেও অভিষেক টেস্টে দারুণ চমক দেখিয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। তৈয়ব আরিফ ৫৭, মোহাম্মদ তাহা ৫১ এবং আরাফাত মিনহাস করেন ৫২ রান। অর্থাৎ অভিষেকেই তিন ব্যাটারের হাফ সেঞ্চুরির পর এবার বল হাতে সাকিবের পাঁচ উইকেটের বেশি শিকার। সব মিলিয়ে অভিষেক টেস্টে এমন ব্যাটিং-বোলিং নৈপুণ্য পাকিস্তানের জন্য বড় প্রাপ্তি।