Image description

নারী ক্রিকেট নিষিদ্ধের প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বেশ কয়েকবার অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার নারী ও কন্যাশিশুর অধিকার হরণের প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। 

তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণ এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই তাদের।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের খেলাধুলার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীদের সুযোগ ব্যাপকভাবে সংকুচিত হয়েছে।

এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, নারী ও কন্যাশিশুদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি এবং আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কিংবা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হলে অথবা প্রতিবছর নীতিটি পর্যালোচনা করা হবে।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি স্কটল্যান্ড ও আফগানিস্তান। তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের সিরিজের আগে অনুশীলনের জন্য তাদের কাছে সুযোগ-সুবিধা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেপ্টেম্বরে আফগানিস্তান প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসরকে সামনে রেখেও স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল তারা।

এদিকে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতা বিবেচনায় রাখার কথাও জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। আইসিসি আফগানিস্তানের ঘরোয়া লিগকে আনুষ্ঠানিক অনুমোদন দিলে সেখানে অংশ নিতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সংস্থাটি।

বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড আরও স্পষ্ট করেছে, কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তা আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচিত হবে না।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।