এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার ৯৮২তম গোলের দিনে আল ফায়সালিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। অফিসিয়াল ম্যাচে ক্যারিয়ারের ১ হাজার গোল পূর্ণ করতে এখন রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮ গোল।
শুক্রবার (২৩ অক্টোবর) আল ফায়সালির মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল হামদান, রোনালদো ও অ্যাঞ্জেলো। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন বোঙ্গোন্দা।
ম্যাচে জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে আল নাসরের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
৪১ বছর বয়সী রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলিয়ে অফিসিয়াল ম্যাচে করেছেন ৯৮২ গোল। এর মধ্যে ক্লাবের হয়ে ১ হাজার ১০৯ ম্যাচে ৮৩৬টি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি।
ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং আল নাসরের হয়ে ১৩৫টি গোল করেছেন রোনালদো।
দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর সামনে এখন সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য অফিসিয়াল ম্যাচে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। আল ফায়সালির বিপক্ষে গোল করে সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছেছেন তিনি।
আর মাত্র ১৮ গোল করতে পারলেই ক্যারিয়ারের গোলসংখ্যা চার অঙ্কে নিয়ে যাবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। বয়স ৪১ পেরোলেও গোলের ক্ষুধা ধরে রেখে সেই মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন তিনি।