Image description

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)-এর রিংয়ে দুই বছরের বেশি সময় ধরে দেখা নেই দ্য রকের। তাহলে কি এখানেই শেষ তার রেসলিং ক্যারিয়ার? এমন প্রশ্নের মধ্যেই নতুন করে আশার কথা শোনালেন বর্তমান ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস।

তার ধারণা, ডোয়াইন জনসনের রিংয়ে আরও দু-একটি ম্যাচ খেলা বাকি থাকতে পারে। তবে শেষ সিদ্ধান্ত নিতে হবে দ্য রককেই।
 

 

ক্রিস ভ্যান ভ্লিয়েটের সঞ্চালনায় ‘ইনসাইট’ পডকাস্টে কথা বলতে গিয়ে রোডস বলেন, ব্যক্তিগতভাবে তার মনে হয়, দ্য রকের ক্যারিয়ারে আরও কয়েকটি ম্যাচ বাকি আছে। তবে রেসলম্যানিয়া ৪০-এ তার পারফরম্যান্সকে চাইলে ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবেও বিবেচনা করতে পারেন এই হলিউড তারকা।

 

রোডস বলেন, ‘আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। আসলে কীভাবে উত্তর দেব, তা বুঝতে পারছি না।

ব্যক্তিগতভাবে আমার মনে হয়, তার সম্ভবত আরও দু-একটি ম্যাচ বাকি আছে।’

 

দ্য রক আবার রিংয়ে ফিরবেন কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি রোডস। ডব্লিউডব্লিউইর পরিচালনা পর্ষদে জনসনের দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। রোডসের মতে, রেসলম্যানিয়া ৪০-এ পারফরম্যান্সের পর রিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তিনি আরও বলেন, ‘এরপর কী হবে, আরও ম্যাচ হবে কি না কিংবা সেগুলো কেমন হবে, সবই তার সিদ্ধান্ত।’
রেসলম্যানিয়া ৪০-এ রোডসকে পিন করেছিলেন দ্য রক
২০২৪ সালের এপ্রিলে রেসলম্যানিয়া ৪০-এ রোমান রেইন্স ও দ্য রকের বিপক্ষে ট্যাগ টিম ম্যাচে সেথ রলিন্সকে নিয়ে লড়েছিলেন রোডস। সেই ম্যাচে রোডসকে পিন করে দলকে জয় এনে দেন দ্য রক। এর ফলে পরের রাতের অবিসংবাদিত ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ‘ব্লাডলাইন রুলস’ ম্যাচে পরিণত হয়।

এর আগে রেসলম্যানিয়া ৪০-এর সংবাদ সম্মেলনে রোডসের সঙ্গে ব্লাডলাইন পরিবারের দ্বন্দ্বের পর সেই কাহিনিতে যুক্ত হন দ্য রক। শেষ পর্যন্ত দ্বিতীয় রাতে রেইন্সকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতেন রোডস।

পরের বছর ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনেও রোডস ও জনসনকে ঘিরে নতুন কাহিনি শুরু হয়েছিল। তবে এলিমিনেশন চেম্বারে জন সিনা নেতিবাচক চরিত্রে যাওয়ার পর সেই কাহিনি আর এগোয়নি। রেসলম্যানিয়া ৪১-এর আগে ডব্লিউডব্লিউইর সাপ্তাহিক অনুষ্ঠানগুলোতেও দেখা যায়নি দ্য রককে।

এখন পর্যন্ত রিংয়ে ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি জনসন। ফলে তার রেসলিং ক্যারিয়ার শেষ কি না, সেই প্রশ্নের উত্তরও অজানা। তবে রোডসের মন্তব্যে স্পষ্ট, দ্য রকের ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।