Image description

রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে বর্ণবাদী গালাগালের শিকার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল। ১৭ বছর বয়সে এল ক্লাসিকোর এক ম্যাচে সতীর্থ রাফিনিয়ার সঙ্গে গোল উদযাপনের সময় গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করা হয়েছিল।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। দর্শকদের কেউ কেউ ইয়ামালকে উদ্দেশ করে কৃষ্ণাঙ্গ পরিচয় ও অভিবাসী পরিচয় নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করেন।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হোর্হে ভালদানো তার টিভি অনুষ্ঠান ইউনিভের্সো ভালদানোতে ইয়ামালকে সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন কি না জানতে চাইলে বার্সেলোনা তারকা জবাব দেন, ‘হ্যাঁ, হাজারবার।’

ইয়ামালের মতে অনেক সময় মানুষ বুঝতেও পারেন না যে তাদের আচরণ বর্ণবাদী, ‘অনেক মন্তব্য ও দৃষ্টিভঙ্গি আছে যেগুলো বর্ণবাদী অথচ তারা নিজেরাই সেটা বুঝতে পারে না। আমি এটাকে মেনে নিই এমন নয় কারণ ভুল কোনো বিষয় মেনে নেওয়া যায় না। তবে এসব আর আমাকে বিরক্ত করে না।’

এরপর বার্নাব্যুয়ের সেই ঘটনার প্রসঙ্গ টেনে ইয়ামাল বলেন, ‘বার্নাব্যুয়ের সেই পরিচিত ভিডিওতে রাফিনিয়া ও আমাকে উদ্দেশ করে মানুষ নানা কথা বলছিল। সবাই আমার প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছিল।’

নিজের কৃষ্ণাঙ্গ পরিচয় নিয়ে ইয়ামালের বক্তব্য, ‘দিন শেষে কেউ আমাকে কৃষ্ণাঙ্গ বললে তাতে আমার কিছু যায় আসে না—আমি কৃষ্ণাঙ্গই। আমি অন্য কোনো রঙের নই। তারা যদি আমাকে অপমান করার উদ্দেশ্যে এটি বলে তাহলে এটি ভুল। কিন্তু আমি এমন একজনের কারণে রাগ করতে যাচ্ছি না যে আমাকে অসম্মান করেছে। যখন আমি এমন একটি ম্যাচ খেলছি যেটি দেখতে মানুষ টাকা দিয়ে এসেছে।’

সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ইয়ামাল ও রাফিনহা দুজনই গোল করেছিলেন। একই ম্যাচে বার্সেলোনার আরেক খেলোয়াড় আনসু ফাতিকেও লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করা হয়েছিল। ইয়ামাল ও রাফিনহাকে লক্ষ্য করে করা মন্তব্যের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।