ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার আইসিসির শাস্তির মুখে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্লো ওভার-রেটের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে বড় অঙ্কের ১১টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬, এখন সেটা কেবল ৫।
ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। লিডসে সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১০৩ রান, লর্ডসে দ্বিতীয় ম্যাচে ১৯৪ রান এবং এজবাস্টনে শেষ টেস্টে ৮ উইকেটে পরাজিত হয় সফরকারীরা। এর মধ্যে বার্মিংহাম টেস্টে নির্ধারিত সময়ে ১১ ওভার কম বোলিং করায় এই শাস্তির খড়গ নেমে আসে বাবর-সালমানদের ওপর।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এবং অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি এই শাস্তি আরোপ করেন। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম ওভার বোলিং আর্য় সবার ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কম বোলিং করা প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা হয়। ফলে ১১ ওভার কম বোলিং করায় পাকিস্তানের মোট ১১টি মূল্যবান টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
এই শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও তলানিতে চলে গেল পাকিস্তান। বর্তমানে মাত্র ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে টেবিলের নবম বা একেবারে সর্বশেষ অবস্থানে রয়েছে তারা। চলতি চক্রে পাকিস্তান ৯টি টেস্ট খেলে ৭টিতেই পরাজয়ের স্বাদ নিয়েছে। আগামী নভেম্বরে রাওয়ালপিন্ডি ও লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে পরবর্তী মিশন শুরু করবে পাকিস্তান।