Image description

তোলপাড়ই চলছে পাকিস্তান ক্রিকেটে। লর্ডস টেস্ট হারার পর দল থেকে বাদ দেওয়া হয়েছে ৭ ক্রিকেটার! বরখাস্ত হয়েছেন কোচও। সেই বিতর্কের জের ছড়িয়ে পড়ে খোদ রাজপরিবারের আমন্ত্রণেও। পিসিবির নির্দেশ থাকলেও বাদ পড়া এক ক্রিকেটার রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে যাননি ক্ল্যারেন্স হাউসে।

ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরের পুরো দলকেই (বাদ পড়া সাত ক্রিকেটারসহ) রাজপ্রাসাদে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে রাজপ্রাসাদে যান বাদ পড়া চার ক্রিকেটার- মোহাম্মদ আওয়েস জাফর, আমির জামাল, খুররম শাহজাদ এবং আলী ওসমান। মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক লর্ডস টেস্ট শেষেই ফিরে যান দেশে। তাহলে বাদ পড়া ক্রিকেটার সালমান আলী আগাই হয়ত রাজপ্রাসাদে যাননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ক্ষোভ জানিয়ে। ‘টেলিগ্রাফ’ অবশ্য বাদ পড়া খেলোয়াড়ের নাম সরাসরি উল্লেখ করেনি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও রাজা চার্লসের সঙ্গে অনুষ্ঠানটি বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল। পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের রাজপ্রাসাদে উৎসাহিত করেন রাজা। পাকিস্তান অধিনায়ক বাবর আজম রাজার হাতে একটি স্বাক্ষর করা ব্যাট তুলে দেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও উপহার দেন রাজাকে।

ইংল্যান্ডে সফরকারী ক্রিকেট দলগুলোকে সাধারণত রাজপরিবারের কোনো সদস্য বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়। সেই সৌজন্যের জন্যই বুধবার রাতে আমন্ত্রণ জানানো হয়েছিল পুরো পাকিস্তান ক্রিকেট দলকে। আর সাত ক্রিকেটার বাদ পড়ায় উপস্থিতি যেন কম না হয়, তাই সবাইকে নির্দেশ দেওয়া হয় রাজপ্রাসাদে যাওয়ার। সেখানেই বিদ্রোহ করে বসলেন একজন!