ডারউইন টেস্টে ব্যাটিং- বোলিং উভয় বিভাগে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৫১ রান এবং বাংলাদেশ পেয়েছে ১৫৩ রানের লিড। ৩২ রানে মেহেদী হাসান মিরাজ ও ১৩ রানে হাসান মাহমুদ অপরাজিত আছেন।
অজিদের বিধ্বংসী বোলিং লাইনআপের সামনেও দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা। কিছু করতে না পেরে হতাশা দেখা গেছে অজি বোলারদের মাঝে। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাক যুদ্ধে জড়িয়েছেন মিচেল স্টার্ক।
স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলটি ছিল ইনিংসের ১০৩তম ওভারের। সেই বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নেন মিরাজ। নিয়ম অনুযায়ী বোলার এবং ব্যাটার দুজনকেই পিচের মাঝের অংশ এড়িয়ে বা সুরক্ষিত রেখে তারপর দৌঁড়াতে হয়।
রান নেওয়ার সময় শুরুতে সামনে তাকিয়ে দৌঁড় শুরু করেন মিরাজ। পরে বলের দিকে চোখ ফিরিয়ে রান সম্পন্ন করার চেষ্টায় মাঝপথে চোখ আবার সামনে ফেরাতেই তিনি দেখতে পান স্টার্ক প্রায় তার মুখোমুখি।
স্টার্ককে এড়িয়ে পিচের এক পাশ দিয়ে যাওয়ার বদলে মিরাজ সবচেয়ে ছোট পথটিই বেছে নেন। এতে আম্পায়ার কুমার ধর্মসেনা সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আনেন। রান সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মিরাজের দিকে এগিয়ে গিয়ে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর ব্যাপারে সতর্ক করেন।
মিরাজও সঙ্গে সঙ্গে বলেন, বলের দিকে নজর থাকায় সামনে কী ছিল, তা তিনি দেখতে পাননি। এরপর স্টার্ককে বলতে শোনা যায়, ‘এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।’
আত্মপক্ষ সমর্থন করে মিরাজ তখন ধর্মসেনাকে বলেন, ‘আমি দেখতে পাচ্ছিলাম না, আমি দেখতে পাইনি।’ বোলিং মার্কে ফিরে যাওয়ার আগে স্লেজিংয়ের সুরে মিরাজকে ধমক দিয়ে স্টার্ক বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই, তাই না?’
তবে মিরাজের পক্ষ নেন চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার রিকি পন্টিং। তিনি বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত বলে মনে হয়নি।
পন্টিং বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় না এটা ইচ্ছা করে করা হয়েছিল।’
তার ব্যাখ্যা, মিরাজ যখন মাথা তুলে তাকান, তখন স্টার্ক তার সামনে ছিলেন। তাই দ্রুতগতির বোলারকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে তিনি পিচের মাঝের দিক দিয়েই চলে যান।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দারুণ অবস্থানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে তারা। হাতে রয়েছে আরও চার উইকেট।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। মিরাজ ৩২ রানে অপরাজিত। আর প্রথম দিনে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদও অপরাজিত আছেন ৭৬ বলে ১৩ রান করে।
সময়ের আলো/