Image description

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে জয় পেয়ে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই পারফরম্যান্সের ফলে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন লিওনেল মেসিরা। এখন সবার নজর নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে, সেই হিসাব-নিকাশের দিকে।

Advertisement

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এ খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। এই নিয়ম অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।

‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট, আর উরুগুয়ের আছে ২ পয়েন্ট। শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপের চূড়ান্ত চিত্র।

যদি উরুগুয়ে স্পেনকে হারাতে পারে, তাহলে ৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে স্পেন নেমে যাবে রানার্সআপে এবং রাউন্ড অব ৩২-এ তাদের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। ফলে নকআউট পর্বের শুরুতেই দেখা যেতে পারে দুই শক্তিশালী দলের হাইভোল্টেজ লড়াই।

 

 

 

তবে সমীকরণ আরও জটিল হতে পারে। একই সময়ে কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারায়, তাহলে পয়েন্ট ও টাইব্রেকারের কারণে স্পেন তৃতীয় স্থানেও নেমে যেতে পারে, ফলে আর্জেন্টিনার সঙ্গে তাদের দেখা হওয়ার সম্ভাবনা কমে যাবে।

অন্যদিকে স্পেন যদি উরুগুয়ের বিপক্ষে অন্তত ড্র করতে পারে, তাহলে গ্রুপ শীর্ষে থাকার সম্ভাবনাই বেশি থাকবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে, কেপ ভার্দে বা সৌদি আরবের মধ্যে কোনো একটি দল—যা পুরোপুরি নির্ভর করবে চূড়ান্ত অবস্থানের ওপর।

এবারের বিশ্বকাপে টাইব্রেকিং নিয়মেও পরিবর্তন এসেছে। পয়েন্ট সমান হলে প্রথমে হেড-টু-হেড ফলাফল দেখা হবে, এরপর হেড-টু-হেড গোল ব্যবধান ও গোল সংখ্যা। এরপর সামগ্রিক গোল ব্যবধান, মোট গোল, ফেয়ার প্লে রেকর্ড এবং শেষ ধাপে ফিফা র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে।

সব মিলিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শুধু নকআউট নিশ্চিত করার লড়াই নয়, বরং সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণেও বড় ভূমিকা রাখছে। আর সেই সমীকরণেই আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে উত্তেজনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।