Image description

ব্রাজিল শিবিরে বইছে স্বস্তির বাতাস। কয়েক সপ্তাহ পুনর্বাসন শেষে অবশেষে পুরো উদ্যেমে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। তেরেসোপোলিসের ক্যাম্পে সতীর্থদের সঙ্গে পুরো সেশন সম্পন্ন করার পর সোশ্যাল মিডিয়ায় নিজেই লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি ভীষণ খুশি!’ এই একটি বাক্যই বলে দেয় মাঠে ফেরার জন্য কতটা আকুল তিনি।

 

গ্রেড-টু কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। তবে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। কোচ কার্লো আনচেলোত্তি গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন, নেইমার সম্পূর্ণ সুস্থ এবং স্কটল্যান্ডের বিপক্ষে দলের স্কোয়াডে থাকছেন।

ব্রাজিলের পোস্টারবয়ের ফেরায় পুলকিত দলের মিডফিল্ডার লুকাস পাকেতা। তিনি বলেন, ‘আমরা সবাই নেইমারের ফিরে আসায় আনন্দিত। সে আমাদের জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ২০২৩ সালের পর ব্রাজিলের জার্সি গায়ে জড়াবেন নেইমার। মাঝে হাঁটুর লিগামেন্টে (এসিএল) গুরুতর চোট পান তিনি। যে কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিলেন। পুনর্বাসন শেষে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে রোমাঞ্চিত হন। কিন্তু কাফ ইনজুরিতে পরে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি। এবারের বিশ্বকাপ নেইমারের কাছে বিশেষও বটে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল) আগেই ইঙ্গিত দেন, ২০২৬ বিশ্বকাপই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে ব্রাজিল। মরক্কোরও সমান চার পয়েন্ট। তবে গোল পার্থক্যে পিছিয়ে। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে। সবার নিচে পয়েন্টশূন্য হাইতি।