বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
আর্জেন্টাইন ফুটবল দলের অন্যতম ভরসা মার্তিনেজ গত ২০ মে ক্লাব দল অ্যাস্টন ভিলা-র হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকায় হাড় ভেঙে ফেলেন। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি স্প্লিন্ট ব্যবহার করে এবং এক হাতে গ্লাভস পরে অনুশীলন চালিয়ে যান।
বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই হাতে গ্লাভস পরে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। চোটের কারণে তিনি হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবেন তিনি।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্তিনেজ সেই আসরে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভ’ জিতেছিলেন। এছাড়া ২০২৪ কোপা আমেরিকা জয়ের পথেও বড় ভূমিকা রাখেন তিনি।
এদিকে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার লিওনার্দো বালেরদি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মার্কোস সেনেসি-কে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল মেসিদের দল।