যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (২ জুন) ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সকালে রিও ডি জেনেইরো থেকে যাত্রা করা সেলেসাওদের বহর নিউ জার্সির নিউয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে।
বিমানবন্দর থেকে প্রায় ৫০ মিনিটের বাসযাত্রা শেষে দলটি নিউ জার্সির বাস্কিং রিজ এলাকায় অবস্থিত ‘দ্য রিজ’ হোটেলে ওঠে। নিরিবিলি পরিবেশে থাকা এ হোটেলেই বিশ্বকাপ চলাকালে ব্রাজিল দলের আবাসন ও প্রস্তুতির গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন একটি স্থান নির্বাচন করেছে, যেখানে খেলোয়াড়রা পর্যাপ্ত গোপনীয়তা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য পাবেন। পাশাপাশি অনুশীলন কেন্দ্রের কাছাকাছি অবস্থান হওয়ায় যাতায়াতও সহজ হবে।
দলের অনুশীলন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে নিউইয়র্ক রেড বুলসের মালিকানাধীন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার। নিউ জার্সির মরিস্টাউনে অবস্থিত এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটি হোটেল থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে।
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এটি হবে ব্রাজিলের প্রথম অনুশীলন সেশন। বাংলাদেশ সময় বুধবার (৩ জুন) ভোরে শুরু হওয়া এই অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস, কৌশলগত পরিকল্পনা এবং ম্যাচ প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বরে জানা গেছে।