Image description

গতকাল গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে এই জয়ের পর নিজের আক্রমণাত্মক খেলার কৌশল নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল দর্শন পরিবর্তনের চেয়ে প্রয়োজনে দলের দায়িত্ব ছেড়ে চলে যাবেন।

ম্যাচে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও রক্ষণভাগের ভুলে দুটি গোল হজম করে বাংলাদেশ। মালদ্বীপ ২-২ সমতা ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল।

ম্যাচ শেষে গোল খাওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে নিজের ঝুঁকিপূর্ণ ও আক্রমণাত্মক কৌশলের পক্ষেই অনড় অবস্থান নেন বাটলার। সাংবাদিকদের স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে খেলার ধরন বদলাতে বলেন, তবে আমি এখনই দায়িত্ব ছেড়ে চলে যাব। আমি এখানে এই মেয়েদের উপকারের জন্য এসেছি এবং সবসময় তাদের সমর্থন করব। আমাদের খেলায় কিছুটা ঝুঁকি থাকবেই, তবে আমি এই কৌশল বদলাব না। যেদিন এই কৌশল বদলাতে হবে, সেদিন অন্য কোনো কোচ নিয়ে আসবেন।’

প্রতিপক্ষের পাল্টা আক্রমণে দলের রক্ষণ ভেঙে পড়েছিল কি না—এমন প্রশ্ন সরাসরি উড়িয়ে দিয়ে এই ইংলিশ কোচ বলেন, ‘না, আমি মোটেও মনে করি না ওরা আমাদের পরাস্ত করেছে। প্রথম গোলটা স্রেফ ভাগ্যের জোরে হয়েছে—বল ক্রসবারে লেগে লাইনে ড্রপ খেয়েছিল। আর দ্বিতীয় গোলটার সঙ্গে হাই লাইনে খেলার কোনো সম্পর্কই নেই।’

রক্ষণের দুর্বলতা নিয়ে ভাবার চেয়ে বাটলার বরং মেয়েদের মাঠে স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়ার ওপরই বেশি জোর দিচ্ছেন।

বাটলার বলেন, ‘আমরা একটা নির্দিষ্ট ধারার ফুটবল খেলি। আমি তরুণ বাংলাদেশি মেয়েদের—যারা আপনাদেরই বোন কিংবা সন্তান—মাঠে গিয়ে নিজেদের মেলে ধরার এবং স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিই। এই দর্শন থেকে আমি কখনোই সরব না।’