লঙ্কা প্রিমিয়ার লিগে এবার একই দলে দেখা যাবে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে। সাকিবের পর সরাসরি চুক্তিতে পেসার তাসকিনকেও দলে নিয়েছে জাফনা কিংস। এলপিএলের অফিসিয়াল পেজে দেওয়া পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
আগেই নিশ্চিত হয়েছিল, এবারের আসরে জাফনার হয়ে খেলবেন সাকিব। এবার সেই দলে যুক্ত হলেন তাসকিনও। ফলে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্ত হলো।
এবারের এলপিএলে আবার ফিরছে ড্রাফট পদ্ধতি। আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার খেলোয়াড় বাছাই হবে ড্রাফটের মাধ্যমে, যা অনুষ্ঠিত হবে ১ জুন। তবে তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সরাসরি চুক্তিতে খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল ২২ মে পর্যন্ত।
খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছিল ৮ মে, শেষ হয়েছে ২০ মে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল আগের মৌসুমের খেলোয়াড় ধরে রাখতে পারবে না। প্রতিটি স্কোয়াডে কমপক্ষে ১৮ জন এবং সর্বোচ্চ ২০ জন ক্রিকেটার রাখা যাবে।
এলপিএলের এবারের আসরে স্কোয়াড গঠনের নিয়মেও কিছু বাধ্যবাধকতা থাকছে। প্রতিটি দলকে অন্তত দুজন স্থানীয় অনূর্ধ্ব-২৩ উদীয়মান ক্রিকেটার রাখতে হবে। তাদের মধ্যে একজনকে একাদশেও খেলাতে হবে। পাশাপাশি প্রতি ম্যাচের একাদশে চারজন বিদেশি ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।
আগামী ১৭ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও গত আসরের রানার্সআপ গল। সবকিছু পরিকল্পনামতো এগোলে ৮ আগস্ট হবে ফাইনাল। ফাইনালের জন্য ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।