দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে আজ। তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আজ বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী ভেন্যু হিসেবে ঢাকার পরিবর্তে সিলেটকে বেছে নেয়ার পেছনে রয়েছে খোদ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম ঢাকা থেকে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করব কি না?’ তিনি বললেন, ‘আমাকে ঢাকায় রাইখো না, ঢাকার বাইরে নিয়ে যাও। সবসময় ঢাকা থেকে শুরু করা হয়, আমি চাই এটা ঢাকার বাইরে থেকে শুরু হোক।’ সেই পরিকল্পনা ও ইচ্ছা অনুযায়ী আজ পুণ্যভূমি সিলেট থেকে এই ঐতিহাসিক যাত্রার সূচনা হচ্ছে।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগেই ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশ গড়ার পরিকল্পনায় অন্যতম অংশ ছিল স্পোর্টস। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করছি। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে।’
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ১২-১৪ বছর বয়সী ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৩ জন শিশু-কিশোর অংশ নিচ্ছেন। এদের মধ্য ছেলে নিবন্ধনকারী ১ লক্ষ ২০ হাজার ৯৪৯ জন এবং মেয়েদের সংখ্যা ৪৬ হাজার ৭৪৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ২৫ হাজার ৩৮৭ জন এবং ময়মনসিংহ অঞ্চল থেকে সর্বনিম্ন ৭ হাজার ৯৬৬ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট নিয়ে আট ইভেন্টে হবে এই প্রতিযোগিতা। ঢাকা, চট্টগ্রামসহ মোট ১০টি অঞ্চলে ভাগ করে পরিচালিত হবে কার্যক্রম। ১৩ থেকে ২২শে মে’র মধ্যে আঞ্চলিক পর্যায়ের খেলাগুলো সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ের ৩২ জন তারকা ক্রীড়াবিদ। তারা মাঠ পর্যায়ে নতুন খেলোয়াড়দের দিকনির্দেশনা প্রদান করবেন। অংশগ্রহণকারীদের জন্য ভাতা, মানসম্মত পোশাক এবং বিজয়ীদের জন্য সনদপত্র ও দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সেরা খেলোয়াড়দের জন্য বিকেএসপিতে ভর্তির সুযোগ তৈরি হবে। সকাল থেকে সিলেটে গুড়িগুড়ি বৃষ্টি হলেও সিলেট স্টেডিয়ামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।