Image description

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ছেন। তাদের অনেকের বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা জেগেছে। তারকাখ্যাতি না পেলেও বিখ্যাত বাবার ছেলে লুকা জিদান সবসময়ই শিরোনামে থাকেন। আলজেরিয়ার হয়ে খেলা লুকা এবার গুরুতর চোটে পড়েছেন। এতে অনিশ্চিত হয়ে গেছে তার বিশ্বকাপ খেলা।

গত রবিবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের লিগে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে চোয়াল ও চিবুকে গুরুতর চোট পান ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় প্রতিপক্ষ স্ট্রাইকার থ্যালিসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দলের প্রধান গোলরক্ষকের এমন চোট আলজেরিয়ার জন্য বড় ধাক্কা।

গ্রানাদা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল টেস্টে লুকার চোয়াল এবং চিবুকে চিড় (ফ্র্যাকচার) ধরা পড়েছে। সংঘর্ষের পরপরই তিনি মাঠেই জ্ঞান হারিয়েছিলেন। ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে সুস্থ হতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, তবে তার ফেরার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে।

আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। গত বছরের আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই শুরুর একাদশে ছিলেন লুকা। গত মাসে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচেও তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন।

 

লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও তার দাদা-দাদির দেশ হিসেবে গত বছর আলজেরিয়া জাতীয় দলকে বেছে নেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, লুকার চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হাতে সময় কম থাকায় বিশ্বকাপের আগে তার ফিট হওয়া নিয়ে প্রবল সংশয় দেখা দিয়েছে।