Image description

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এ লড়াইয়ের প্রস্তুতি বিসিএল দিয়ে নিচ্ছেন টেস্ট খেলা ক্রিকেটাররা। সেই পরীক্ষায় মুমিনুল হক ব্যর্থ হলেও পূর্বাঞ্চলের হয়ে রান পেয়েছেন মুশফিকুর রহিম।

বিসিএল চার দিনের ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে ৮৩ বলে ৫৯ রানে অপরাজিত আছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটার। নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছেন তারা। ৩০৭ রান করা মধ্যাঞ্চলের চেয়ে এখনো ৬৪ রানে পিছিয়ে মুশফিকদের পূর্বাঞ্চল।

ম্যাচের তৃতীয় দিন সেঞ্চুরির আশা নিয়ে দিন শুরু হবে মুশফিকের। সিলেট আন্তর্জাতিক ভেন্যুতেই খেলার সুযোগ হচ্ছে তার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হবে এ মাঠেই। তার আগে মুশফিকের বড় স্কোর জাতীয় দলের জন্য আশাবাদের কারণ।

মুশফিকের সঙ্গে অপরাজিত ৮৮ রান করে ১১৫ রানের জুটি গড়েছেন অমিত হাসান। এর আগে ৮৬ বলে ৬৪ রান করেছেন টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়। মুমিনুল ফিরেছেন মাত্র ১৫ রানে। জাতীয় দল থেকে বাদ পড়া আরেক ওপেনার জাকির হাসান করেছেন ১৩ রান।

পাশের একাডেমি মাঠে হয়েছে জোড়া সেঞ্চুরি। দক্ষিণাঞ্চলের করা ৩১৪ রানের জবাবে উত্তরাঞ্চল ৬ উইকেটে ৩৭৯ রানে দিন শেষ করেছে। প্রিতম কুমার ১৫১ রানে অপরাজিত, এ ছাড়া আকবর আলি ১৫৮ বলে করেছেন ১২১ রান। দুজনের জুটি ২৩৩ রানের।