Image description

ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে পুলিশ এফসিকে বিধ্বস্ত করেছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজের ৪ গোলে বসুন্ধরা জিতেছে ৪-১ ব্যবধানে। এই জয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে কুমিল্লায় আরামবাগকে ৪-০ গোলে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ এফসি। অন্যদিকে বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির ছিল ৫ পয়েন্ট করে। শেষ পর্যন্ত সমান ৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে গ্রুপসেরা হয়েছে বসুন্ধরা কিংস।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পায় পুলিশ। কিন্তু স্পটকিক নিতে এসে ক্রসবারে মেরে বসেন ফরোয়ার্ড পাওলো এনরিক। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে সহজেই গোল করেন দোরিয়েলতন।

বিরতির পর ৫২ মিনিটে রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দোরিয়েলতন। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা ডিঙ্গিয়ে ডান পায়ের নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। ৮২ মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রস থেকে দারুণ হেডে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাচের শেষ দিকে করেন চতুর্থ গোলটি। যোগ করা সময়ে একমাত্র গোল করে ব্যবধান কমান পুলিশের এম এস বাবলু।