ক্রিকেটার হিসেবে অনেকবারই শিরোনাম হয়েছেন ক্রিস গেইল। ব্যাট-বল তুলে রাখায় সেই সুযোগ আর না থাকলেও এবার অন্য ভূমিকায় শিরোনাম হয়েছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত সাবেক বাঁহাতি ব্যাটার।
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন গেইল। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দল গ্লাসগো মুগাফিয়ান্সের মালিকানা কিনেছেন তিনি।
গ্লাসগোর সহ-স্বত্বাধিকারী হতে পেরে ভীষণ রোমাঞ্চিত গেইল। ৪৬ বছর বয়সী সাবেক ওপেনার বলেছেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-স্বত্বাধিকার হওয়া আমার জন্য এক নতুন অধ্যায়।
শুরুতে গ্লাসগোর মালিকানা কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। তবে বিবিসি জানিয়েছে, তারা এখন ডাবলিন ভিত্তিক দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। দ্রাবিড়-অশ্বিনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সরে যাওয়ার সুযোগ নিয়েছেন গেইল।
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো হতে যাচ্ছে ইটিপিএল। তিন দেশের ছয় শহরকে কেন্দ্র করে ৬ দলের টুর্নামেন্ট হবে। আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগটি হওয়ার কথা রয়েছে।