ইংল্যান্ডের ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস তাকে দলে ভিড়িয়েছে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে। তবে এই সিদ্ধান্ত ভারতের মিডিয়া ও সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভারতীয় প্রতিষ্ঠানগুলো প্রভাব বিস্তার করছে।
তবে ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আবরারকে ট্রেন্ট রকেটসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত সানরাইজার্স দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার কাভিয়া মারান সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।
দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেটরি জানিয়েছেন, ‘আমরা আমাদের দলের জন্য সেরা খেলোয়াড় বাছাই করেছি। আবরারের বোলিং বৈচিত্র্য অনন্য, বিশেষ করে অনেক ঘরোয়া ক্রিকেটার তার খেলা আগে দেখেনি।
এর আগে, কলকাতা নাইট রাইডার্সও রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়েছিল। অনুরূপ পরিস্থিতি আবরারের ক্ষেত্রেও ঘটতে পারে বলে শঙ্কা রয়েছে। আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সানরাইজার্সের এক্স অ্যাকাউন্ট স্থগিত হয়েছে, তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।