Image description

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি তিন আসনের মধ্যে একটি করে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্বতন্ত্র প্রার্থী। নির্বাচিতদের মধ্যে হাসনাত আব্দুল্লাহসহ ছয় বিজয়ী প্রার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রথমবারের মতো ছয়জন সংসদে যাওয়ার তথ্য পাওয়া যায়। 

তারা হলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এনসিপির হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির জসিম উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া। 

সামগ্রিক ফলাফলে কুমিল্লায় বিএনপি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি। নতুন মুখের উপস্থিতি ও বড় ব্যবধানের জয় মিলিয়ে এবারের নির্বাচনে কুমিল্লার রাজনৈতিক মানচিত্রে এসেছে নতুন সমীকরণ।