Image description

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আজও ভিড় করছেন নির্বাচিত সংসদ সদস্য ও দলের নেতা-কর্মীরা। আজ সোমবার সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতা–কর্মীরা ভিড় করেন। বেলা পৌনে একটার দিকে কার্যালয়ে আসেন তারেক রহমান।

আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর আগের দিন আজ রাজধানী ও দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন নির্বাচিত সংসদ সদস্য ও নেতা–কর্মীরা। তাঁদের অনেকের হাতে ফুল। আসছেন দলের প্রধানকে শুভেচ্ছা জানাতে।

সকাল সাড়ে ১০টায় গুলশান কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর পৌনে ১২টায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নওগাঁ-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য ইকরামুল বারী আসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। তাঁর সঙ্গে নওগাঁ জেলার মান্দা উপজেলার স্থানীয় বিএনপির নেতা–কর্মীরাও ছিলেন।

ইকরামুল বারী প্রথম আলোকে বলেন, ‘দেশে ১৭ বছর পর গণতন্ত্র ফিরেছে। দীর্ঘ লড়াইয়ে বিএনপির নেতা–কর্মী ছিলেন সবচেয়ে নির্যাতিত। কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন। কিন্তু আজ দেশে গণতন্ত্র ফিরেছে। চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় জয় পেয়েছে। তাই নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছি।’
বেলা সাড়ে ১১টায় আসেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ঠিক করা সবচেয়ে জরুরি বলে মনে করছি।’

বিরোধী দলে যাঁরা থাকবেন তাঁদের উদ্দেশে শহিদুল ইসলাম বলেন, তাঁরা অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু মনে রাখতে হবে, সমালোচনা যাতে শুধুই সমালোচনা না হয়। দেশের মানুষের কথা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

ফেনী-১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ‘শুধুমাত্র খালেদা জিয়ার আসন হওয়ায় আমার আসনে বিগত সময়ে কোনো উন্নয়ন হয়নি। তাই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

নির্বাচনে বড় জয়ের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। বিএনপির নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়েও সাধারণ মানুষসহ সব মহলে কৌতূহল রয়েছে।