ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দেশজুড়ে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিভিন্ন জেলা থেকে নির্বাচন-পরবর্তী সহিংসতা, হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও তাদের মিত্রদেরও টার্গেট করা হচ্ছে বলে দাবি করেছে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচন-পরবর্তী সহিংসতার একটি তালিকা প্রকাশ করেছে। দলটির দাবি, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ের পর তাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও রাজনৈতিক মিত্রদের ওপরও হামলা চালানো হচ্ছে।
জামায়াতে ইসলামীর দাবি অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো—
১. কুয়েট ভিসির ওপর ছাত্রদল কর্মীদের বর্বরোচিত হামলা।
২. দিনাজপুরে ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে (জামায়াতের পোলিং এজেন্ট) বাবাকে মারধর ও বাড়ি পোড়ানোর হুমকি।
৩. পঞ্চগড়ে বিএনপি কর্মীদের হাতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর; অনেকে আহত। অভিযোগ এনসিপির সার্জিস আলমের।
৪. বাগেরহাট-৪ আসনে আল-আমিন নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
৫. ফেনীর ফুলগাজীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার দোকানে হামলা। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে জামায়াত কর্মীদের ৪ টি দোকান ভাংচুর করেছে স্থানীয় যুবদল নেতারা। এই ঘটনায় প্রশাসনের সাথে যোগাযোগের পর গণমাধ্যমে কথা বলছেন, ফেনী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন।
৬. নোয়াখালীর সেনবাগে জামায়াত নেতার ওপর ছাত্রদল কর্মীদের অতর্কিত হামলা।
৭. উখিয়ার করম মুহুরীপাড়ায় বিএনপি ক্যাডারদের হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত ও হাসপাতালে ভর্তি।
৮. কুড়িগ্রামে ভোট নিয়ে তর্কের জেরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে বিএনপি কর্মীরা।
৯. খুলনায় ঢাবি শিক্ষার্থীর বাড়িতে আগুন; মা-বোনকে পিটিয়ে আহত এবং শিক্ষার্থীকে জ-বা করে প্রাণনাশের হুমকি।
১০. পাটগ্রামে বিএনপি নেতাদের নেতৃত্বে বাড়িতে ঢুকে মালামাল লুটতরাজ।
১১. বরিশালে বাবার রাজনৈতিক (জামায়াত) পরিচয়ের জেরে ছেলের গাড়িতে ছাত্রদল কর্মীদের হামলা।
১২. চট্টগ্রামে সাবেক শিবির নেতার বাড়িতে বিএনপি নেতাদের হামলা ও ভাঙচুর।
১৩. চকরিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপি ক্যাডারদের দফায় দফায় হামলা।
১৪. কুষ্টিয়ায় এনসিপি নেতার বাসভবনে বিএনপি কর্মীদের হামলা।
১৫. ফেনীতে বিএনপি প্রার্থীর জয়ের পর জামায়াত কর্মীদের বাড়িতে ব্যাপক হামলা।
১৬. সিরাজগঞ্জে জামায়াত আমিরের বাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে অগ্নিসংযোগ।
১৭. সন্দ্বীপে জামায়াত নেতাদের বাড়িতে বিএনপি নেতাদের হামলা।
১৮. দিরাই পৌরশহরে জামায়াত নেতার ওপর শারীরিক আক্রমণ।
১৯. বাগেরহাটে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর হামলায় ২০ জন আহত।
২০. গোপালগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা।
২১. বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রদল ও ছাত্রলীগের যৌথ হামলায় শিবির কর্মী আহত।
এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পৃথকভাবে তদন্ত বা ঘটনার সত্যতা যাচাইয়ের কথা জানানো হয়নি।