সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনায় রাশিদুল হাসান নামে আওয়ামীপন্থী এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সদস্য হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি আরও বলেন, সাঁথিয়া থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।